হাদিকে গুলি: সেই মোটরসাইকেলের প্রকৃত মালিকের তথ্য মিলল
হাদিকে গুলি: সেই মোটরসাইকেলের প্রকৃত মালিকের তথ্য মিলল
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মো. কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে কবির আদালতকে জানান, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন। তবে কেনার সময় তার (কবিরের) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়। মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত সব কাগজ শুভর নামে থাকলেও শুধু আইডি কার্ডটি তার ছিল বলে দাবি করেন তিনি।
এদিন কবিরকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির এবং তিনি এ ঘটনায় সরাসরি সহযোগিতা করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালতে কবির আরও বলেন, তিনি আগে উবার চালাতেন এবং মাঝেমধ্যে ফয়সাল করিম মাসুদ তাকে ফোন করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। ঘটনার ১৮–২০ দিন আগে ফয়সাল তাকে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে বলেন এবং সেখানে গেলে ‘উপকার হবে’ বলেও জানান।
এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এরই মধ্যে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরিফ ওসমান হাদি নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

Comments
Post a Comment